অপ্রতিম হত্যা: তুহিন-আনাসের পর এবার আটক ফাহিম
বিশেষ প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ছেলে কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের অংশ হিসেবে ফাহিম আহমেদ নামে আরও এক তরুণকে আটক করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় তুহিন ও আনাস নামে দুই যুবককে আটক করা হয়েছিল।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে মায়ের আইফোন নিয়ে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখতে পেয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিমকে আটক করে পুলিশ। তবে ছিনতাই হওয়া আইফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ১২ ঘণ্টার আল্টিমেটাম দেন।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, পাহাড়ের জঙ্গল থেকে কিশোরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শুধু আইফোন ছিনতাই নাকি অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ মূল অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
নিক নেম: এআইএল/সকালবেলা