এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
এনইসি সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এই উচ্চপর্যায়ের সভাটি শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সভাটি বেলা ১টা পর্যন্ত চলবে এবং জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর এই সভা শেষে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজকের এই বিশেষ সভার মূল আলোচ্যসূচিতে রয়েছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও এর আনুষ্ঠানিক অনুমোদন।

এ ছাড়া দেশের অর্থনৈতিক সংস্কার ও দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের লক্ষ্যে তৈরি করা ‘Five Year Strategic Framework for Reform and Development (FYSF 2026-2030)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি বিশেষ অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন এবং তা নীতিগত অনুমোদনের বিষয়ও রয়েছে আজকের সভার এজেন্ডায়।

জান্নাত/সকালবেলা