সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক: স্পিকার

অনলাইন ডেস্ক: কার্যপ্রণালী বিধি কেবল কোনো প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, এটি আসলে সংসদ সদস্যদের দায়িত্ব বাস্তবায়নের মূল হাতিয়ার। সংসদে সঠিক উপায়ে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে স্পষ্ট ধারণা রাখার জন্য প্রত্যেক সংসদ সদস্যের কার্যপ্রণালী বিধির জ্ঞান থাকা আবশ্যক।

আজ বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি নিজেই।

স্পিকার বলেন, সংসদের গুরুত্বপূর্ণ তিনটি প্রধান দায়িত্ব হলো—আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিমূলক অন্তর্ভুক্তির আওতায় আনা। আর সংসদ সদস্যদের মাধ্যমেই এগুলো বাস্তবায়িত হয়। সংসদ কেবল রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতেই প্রতিষ্ঠিত হয় না; বরং গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতার মাধ্যমে কার্যপ্রণালী বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালনা করা উচিত।

তিনি আরও উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্ব করছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা কর্মভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি তাঁদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করে দিয়েছে এবং এই দায়িত্ব পালনে তাঁরা জনগণের প্রতি দায়বদ্ধ।