রেকর্ড মুসল্লির অপেক্ষায় শোলাকিয়া, থাকছে পাঁচ স্তরের নিরাপত্তা
অনলাইন ডেস্ক: দেশের সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৯টায় এই ঐতিহ্যবাহী মাঠে ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এবার মাঠটিতে রেকর্ডসংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা করছে ঈদগাহ পরিচালনা কমিটি।
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, দেশ-বিদেশ থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে মাঠ পরিষ্কার, কাতার বিন্যাস, ওজুখানা, সুপেয় পানি ও অস্থায়ী টয়লেটসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যারা এক বা দুই দিন আগে মাঠে আসবেন, তাদের জন্য আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ তিনটি স্থানে বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঐতিহ্য অনুযায়ী, জামাত শুরুর আগে পরপর তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের সংকেত দেওয়া হবে। এবার জামাতে ইমামতি করবেন পুনর্বহাল হওয়া স্থায়ী ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ।
এদিকে, মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে ‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ও ‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মাঠে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিরা কেবল জায়নামাজ ও জরুরি প্রয়োজনে মোবাইল ফোন সঙ্গে নিয়ে ঢুকতে পারবেন; ছাতা, ব্যাগ বা অন্য কোনো ইলেকট্রনিক সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং র্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, শোলাকিয়ার ঈদ জামাতকে কেন্দ্র করে পাঁচ স্তরের অভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এক হাজারের বেশি পুলিশ ও র্যাব সদস্য ইউনিফর্ম এবং সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। মাঠে ছয়টি ওয়াচ টাওয়ার এবং চারটি ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুরো এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও মাঠে প্রস্তুত থাকবে।