আর কেউ জান্নাতের টিকিট বিক্রির সুযোগ পাবে না: এমপি হীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
আর কেউ জান্নাতের টিকিট বিক্রির সুযোগ পাবে না: এমপি হীরা

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: "দলকে কোন্দলমুক্ত করে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে। প্রতারণা করে আর কেউ ধর্মকে পুঁজি করে 'জান্নাতের টিকিট' বিক্রি করার সুযোগ পাবে না, কারণ পরম করুণাময় আল্লাহ তাআলা ব্যতীত সেই ক্ষমতা কারো নেই।"

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৪টায় কুমিল্লা দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অভিযোগ করে বলেন, "পরিকল্পিতভাবে শরীরে স্লো পয়জনিং প্রয়োগ করে এবং লিভার অকার্যকর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধুঁকে ধুঁকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।"

উপজেলা স্বাস্থ্যব্যবস্থার নাজুক চিত্র তুলে ধরে এমপি হীরা বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসেবার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। কমিউনিটি ক্লিনিকের অর্থ হরিলুট করা হলেও সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে বর্তমান সরকার স্বাধীনতার পর সর্ববৃহৎ বাজেট পেশ করেছে, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিগগিরই প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।"

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ ও পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান মোল্লা বক্তব্য রাখেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন