আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ
আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

কুষ্টিয়া প্রতিনিধি: জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এক ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরতে পারবেন না।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে এবং আন্তর্জাতিকভাবে জাতিসংঘও তা স্বীকার করেছে। তাই আওয়ামী লীগের অধ্যায় চিরতরে সমাপ্ত হয়ে গেছে। তাদের আর রাজনৈতিকভাবে ফেরার সুযোগ নেই। তবে শেখ হাসিনা ফেরাতে জামায়াতে ইসলামী চক্রান্ত ও সহযোগিতা করছে।

জ্বালানি সংকট কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে তিনি আরও বলেন, একটি জাতীয় সংকটকে পুঁজি করে রাষ্ট্রকে অশান্ত করা হলে মূলত আওয়ামী লীগই ফিরে আসার সুযোগ পাবে। জামায়াত যদি ‘৯৬-এর মতো আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের চেষ্টা করে, তবে এ দেশের জনগণ তাদের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলবে।

ভারত সম্পর্ক ও আবরার ফাহাদের চেতনা প্রসঙ্গে তিনি বলেন, আবরার ফাহাদের চেতনার আলোকেই বিএনপি সরকার ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে। খুনিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত অবস্থান স্পষ্ট না করা পর্যন্ত প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। আবরার ফাহাদ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

এ সময় শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুমারখালী থানার ওসিসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন