দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৫০টি জেলা রেল যোগাযোগের আওতায় রয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের ৬৪টি জেলায় রেল সংযোগ চালুর অঙ্গীকার করা হয়েছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে নতুন ১০টি জেলায় রেল সংযোগ সম্প্রসারণের সম্ভাব্য রুট নিয়ে একটি উপস্থাপনা করা হয়েছে।

তিনি বলেন, “আমরা আরও ১০টি জেলাকে রেল যোগাযোগের আওতায় আনতে চাই। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করবে। প্রাথমিকভাবে ঢাকা-মানিকগঞ্জ রেল সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী থেকে আশপাশের জেলাগুলোতে দ্রুত যাতায়াত নিশ্চিত করাই এর উদ্দেশ্য।”

রেলমন্ত্রী আরও বলেন, রেলপথ নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় লোকোমোটিভ সংগ্রহের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল শুরু করা যায়।

তিনি বলেন, “আগে অনেক ক্ষেত্রে রেললাইন প্রস্তুত হলেও পর্যাপ্ত লোকোমোটিভ না থাকায় সেবা চালু করা যেত না। আমরা সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসেছি। এখন অবকাঠামো ও পরিচালন সক্ষমতা—দুই বিষয়ই সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে।”

মন্তব্য করুন