সরকারকে খুশি করতে নয়, জনগণের স্বার্থে সংবাদ লিখুন: প্রতিমন্ত্রী অমিত

প্রকাশ: শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
সরকারকে খুশি করতে নয়, জনগণের স্বার্থে সংবাদ লিখুন: প্রতিমন্ত্রী অমিত

যশোর অফিস: সরকারকে খুশি করার জন্য নয়, বরং জনগণের স্বার্থ রক্ষা ও সত্যকে উন্মোচন করার জন্য সাংবাদিকদের সংবাদ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শনিবার (২০ জুন) সকালে প্রেস ক্লাব যশোরে সাংবাদিকদের জন্য আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ বিষয়ক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী অমিত বলেন, "সংবাদ অবশ্যই সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ হতে হবে। প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে সাংবাদিকতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয় এখন সময়ের দাবি। এআই (AI), মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নিখুঁত ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশন করতে পারবেন।"

তিনি আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি এক বিশাল দায়িত্ব। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে নিজেদের সামঞ্জস্যপূর্ণ করতে নতুন প্রজন্মের পাশাপাশি প্রবীণ সাংবাদিকদেরও এ ধরনের আধুনিক প্রশিক্ষণে সম্পৃক্ত করা প্রয়োজন।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, "প্রযুক্তির ব্যবহার বাড়লেও সংবাদ পরিবেশনে নৈতিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় সত্য সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করা হয়েছে। তবে পরিবর্তিত এই পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও স্বাধীন, নির্ভুল ও জনমুখী ভূমিকা পালন করতে হবে।"

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালাটি ২০ থেকে ২২ জুন পর্যন্ত চলবে। এতে যশোরের স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ৭০ জন পেশাদার সাংবাদিক অংশগ্রহণ করছেন। তিন দিনব্যাপী এই আয়োজনে সাংবাদিকরা মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাণ, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন