শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেন প্রাথমিক শিক্ষকরা
রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালনরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রার্থীরা। (ছবি: সংগৃহীত)

অনলাইন ডেস্ক: নিয়োগপ্রার্থীদের বহুল প্রতীক্ষিত যোগদানের তারিখ প্রায় এক মাস এগিয়ে এনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন সংশোধিত বিজ্ঞপ্তি জারি করায় রাজধানীর শাহবাগে চলা অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

আজ রোববার (২ আগস্ট) দ্রুত যোগদান ও পদায়নের একদফা দাবিতে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দিনভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রার্থীরা। পরবর্তীতে বিকেলে মন্ত্রণালয়ের ইতিবাচক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন জারির খবর পেয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার নিয়োগপ্রার্থী জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং ইতোপূর্বে সড়ক দুর্ঘটনা বা অন্যান্য কারণে মারা যাওয়া সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অবস্থান কর্মসূচির সূচনা হয়। আন্দোলনকারীরা মাথায় লাল ফিতা বেঁধে দ্রুত পদায়নের দাবিতে স্লোগান দিতে থাকেন। আন্দোলনের কারণে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একপাশে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলন চলাকালেই দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে এক জরুরি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব রাজীব কুমার সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়— পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪,৩৮৪ জন সহকারী শিক্ষক নিজ নিজ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সরাসরি যোগদান করবেন এবং পরবর্তী দিন অর্থাৎ ২ অক্টোবর তাঁদের চূড়ান্ত পদায়ন সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক আনুষ্ঠানিকতার কারণ দেখিয়ে ২৯ অক্টোবর যোগদানের তথ্য জানিয়েছিল, যা রোববার প্রবক্তা আন্দোলনের মুখেই প্রায় এক মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হলো।

মন্ত্রণালয়ের এই আনুষ্ঠানিক প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশিত হলে আন্দোলনকারীরা সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে স্লোগান দেন এবং বিকেল নাগাদ শাহবাগের অবস্থান কর্মসূচি গুটিয়ে স্থান ত্যাগ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ব্যতিত দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯,২৬৫ জনের ভাইভা শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফলাফলে ১৪,৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। দীর্ঘ ১৭৫ দিন পর অবশেষে প্রজ্ঞাপনের মাধ্যমে কাটল তাঁদের পদায়ন ও যোগদানের দীর্ঘ অনিশ্চয়তা।

মন্তব্য করুন