চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (১৮ মে) সকালে তিনি রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

বঙ্গভবনের প্রেস উইং রাষ্ট্রপতির দেশে ফেরার এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে, গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিমানবন্দরে নামার পর রাষ্ট্রপতিকে স্বাগত জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকসহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

লন্ডন সফরকালে রাষ্ট্রপতির সাথে তাঁর পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, স্টাফ নার্স এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি কার্ডিয়াক বাইপাস সার্জারি হয়েছিল। এরপর থেকে চিকিৎসকদের নিয়মিত পরামর্শ মেনে চলছেন তিনি। এরই অংশ হিসেবে এবার যুক্তরাজ্যের একটি বিশেষায়িত হাসপাতালে তাঁর কার্ডিয়াক ও অন্যান্য প্রয়োজনীয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়।