দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
দেশজুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: উগ্রবাদী ও দুষ্কৃতকারীদের সম্ভাব্য হামলা এড়াতে দেশব্যাপী পুলিশ বাহিনীর ব্যবহৃত যানবাহনের ওপর সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের জিপ, পিকআপ, বাসসহ অন্যান্য সরকারি যানবাহনে নাশকতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে সারাদেশের পুলিশের রেঞ্জ, মহানগর, জেলা ও বিশেষায়িত ইউনিটগুলোতে এক অতীব জরুরি বার্তায় এ নির্দেশনা পাঠানো হয়।

বার্তায় বলা হয়, পুলিশের ব্যবহৃত সরকারি গাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণে কোনোরকম অবহেলা বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। বিশেষ করে ডিউটি চলাকালে কিংবা ডিউটি শেষে পার্কিং করে রাখা যানবাহনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে সাময়িকভাবে কোনো যানবাহন থামানোর প্রয়োজন হলে তা অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশ সদস্যদের সরাসরি নজরদারিতে রাখতে হবে। চালক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যাতীত কোনো যানবাহন কোনোভাবেই অরক্ষিত (Unattended) অবস্থায় রাখা যাবে না।

এছাড়া ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স বা অফিস কম্পাউন্ডে পার্ক করে রাখা সব গাড়ির ক্ষেত্রে টহল বৃদ্ধি, নিয়মিত নজরদারি জোরদার এবং যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা বস্তুর উপস্থিতি শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের আদেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সদর দপ্তর।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন