গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ জন সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই নিয়োগপত্র হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, “আজকের অনুষ্ঠানে গুম ও খুনের শিকার পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানের যোদ্ধা মিলিয়ে মোট ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রতীকীভাবে প্রথম ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”
অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র গ্রহণ করেন বিগত সময়ে গুমের শিকার ইফতেখার আহমেদ দিনারের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো আহত যোদ্ধা আলাল আহমেদ, বীর শহীদ আলভীর বাবা মো. আবুল হোসাইন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সাইমুম সিরাজ এবং শহীদ ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
নিয়োগপত্র গ্রহণের পর আবেগাপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন শহীদ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, দৃষ্টিহীন যোদ্ধা আলাল আহমেদ, জারতাজ পারভীন এবং কাজী সাইমুম সিরাজ প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তাঁরা বিগত ১৬ বছরে সংঘটিত সকল গুম, বিচারবহির্ভূত হত্যা ও জুলাই গণহত্যার সাথে জড়িত মাস্টারমাইন্ড এবং নির্দেশদাতাদের দ্রুততম সময়ে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা ও শাহাদাৎ স্বাধীন।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সরকারের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।