বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা
স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে চীনে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ লালগালিচা সংবর্ধনা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং (লি কিয়াং)।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে প্রধানমন্ত্রী তাঁর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাঁকে আন্তরিকতার সাথে স্বাগত জানান।
দুই দেশের সরকারপ্রধানের শুভেচ্ছা বিনিময় এবং দ্বিপাক্ষিক প্রতিনিধিদের সাথে পরিচয় পর্বের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা বিছানো অভিবাদন মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল দুই দেশের প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করে।
এ সময় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত বাজানো হয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। সালাম গ্রহণ শেষে দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর। এর আগে, গত ২১ জুন তিনি দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান, যা ছিল নতুন সরকারের প্রথম বিদেশ সফর।
মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে প্রধানমন্ত্রী চীনের দালিয়ানে এসে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) বিশেষ সম্মেলনে অংশ নেন। দালিয়ানের দুই দিনের কর্মসূচি সফলভাবে শেষ করে বুধবার বিকেলে তিনি হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে আসেন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, আজ বেইজিংয়ের গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ঘাটতি দূরীকরণ, নতুন বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম চীন সফর হলেও, এর আগে ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি চীন সফর করেছিলেন এবং সে সময়ও এই গ্রেট হলে উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|