যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও মানুষের জন্য কাজ করব: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক : জনগণের সমর্থনই সরকারের প্রধান শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘যতক্ষণ আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে যাব। বিএনপির সব ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়।’
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে ঐতিহাসিক ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সড়কপথে পিএমখালীতে পৌঁছান এবং নিজের হাতে কোদাল দিয়ে এই খনন কাজের উদ্বোধন করেন। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আজ থেকে প্রায় ৫০ বছর আগে এই খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই খাল পুনঃখননের ফলে এলাকার ৪০ হাজার মানুষ উপকৃত হবেন এবং সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সুবিধা পাবেন। কৃষি উৎপাদন বাড়াতে সরকার আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৩ হাজার খাল খননের লক্ষ্য নির্ধারণ করেছে বলেও তিনি জানান।
|