কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
কুমিল্লাকে বিভাগ করার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশকে পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "সবার আগে দেশ, দেশটা আমাদের সবার। আমরা নির্বাচনের আগে মানুষের সামনে যেসব উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতেই জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।"

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার খেলার মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে আয়োজিত এই সভায় প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

তারেক রহমান বলেন, "বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, সরকার গঠনের পর তা সবসময় পূরণ করে। আমরা ইতিমধ্যে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও ইমাম-ওয়াজ ভাতা চালু করেছি। জনগণের কল্যাণকে সামনে রেখেই আমাদের দেশ পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। তবে এই যাত্রায় সফল হতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, কারণ জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।"

প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় সভাস্থলে উপস্থিত হাজার হাজার জনতা সমস্বরে ‘কুমিল্লা বিভাগ চাই’ বলে দাবি তুলতে থাকেন। জনতার এই স্বতঃস্ফূর্ত দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক সাড়া দিয়ে বলেন, "ঠিক আছে। আপনারা সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে ইনশাল্লাহ এটি বাস্তবায়ন করা হবে।" প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর পুরো সভাস্থলে করতালির জোয়ার বয়ে যায়।

এর আগে প্রখর রোদ উপেক্ষা করে সকাল থেকেই বরুড়াসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ খেলার মাঠে জড়ো হন। দুপুর সোয়া ১১টায় প্রধানমন্ত্রী সভামঞ্চে উঠলে সমর্থকরা মুহুর্মুহু স্লোগান ও করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বরুড়ার সড়কের দুই পাশেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পথসভায় স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সভাস্থল ও এর আশপাশের মহাসড়ক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।