হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে মন্ত্রী

প্রকাশ: সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ
হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে মন্ত্রী
সংসদে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশের মহাসড়কগুলোতে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নসিমন, করিমন ও ভটভটির মতো ঝুঁকিপূর্ণ থ্রি-হুইলার যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তবে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।

সড়ক পরিবহনমন্ত্রী জানান, এই অননুমোদিত যানবাহনগুলোকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় ফিডার রোডে চলাচলে বাধ্য করতে একটি বিশেষ নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই নীতিমালায় থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের নিবন্ধন বাধ্যতামূলক করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকা এবং কঠোর রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী নিয়মিত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ অত্যন্ত সক্রিয় রয়েছে। দেশের মহাসড়কগুলোর ঝুঁকিপূর্ণ বাঁক ও দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো চিহ্নিত করে দ্রুত সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, স্পীড ব্রেকার ও রাম্বল স্ট্রিপ বসানোর কাজ পুরোদমে চলমান আছে।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। যারা এখনো নিবন্ধন নেননি, তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে সেগুলোকে বৈধতা বা রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মেট্রোরেল বা এমআরটি লাইন-২ এর রুট অ্যালাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাবতলী থেকে বসিলা, মোহাম্মদপুর, জিগাতলা, নিউমার্কেট, চকবাজার, ধোলাইখাল, সাইনবোর্ড ও জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত এই রুটের দৈর্ঘ্য হবে ৩০ দশমিক ৪০ কিলোমিটার। এই রুটের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা খোঁজার লক্ষ্যে পিডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা) শেখ রবিউল আলম জানান, রেলের অনলাইন টিকিটিংয়ে জালিয়াতি রুখতে গত তিন মাসে ৭ হাজার ৮১০টি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এর মধ্যে মার্চে ৪,৩৩৪টি, এপ্রিলে ৪১৩টি এবং মে মাসে ৩,০৬৩টি অ্যাকাউন্ট রয়েছে।

মন্ত্রী আরও জানান, টিকিট বিক্রির দায়িত্বে থাকা ‘সহজ-সিনেসিস-ভিনসেন’ এর সঙ্গে রেলওয়ের বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছরের ২৪ মার্চ শেষ হবে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে চুক্তিপত্রের শর্তানুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সক্ষমতা বৃদ্ধি সাপেক্ষে রেলের নিজস্ব ব্যবস্থাপনায় শতভাগ সার্ভার তৈরির বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও ট্রেনের ছাদ ব্যবহার করে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেট রেল স্টেশনের খালি ছাদে এবং ঢাকার অফিস ভবনের ছাদে ওপেক্স মডেল অনুসরণ করে বেসরকারি বিনিয়োগে সোলার প্যানেল স্থাপন করা হবে।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ২য় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চুক্তি শিগগিরই স্বাক্ষরিত হবে। সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে এটি বাস্তবায়নের সুপারিশ রয়েছে।

এদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, সারা দেশে বর্তমানে টোল আদায়ের আওতাভুক্ত ৬৭টি সেতু রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর ৯টি সেতুর টোল আদায় সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল, যার মধ্যে ইতিমধ্যে ২টি সেতুতে পুনরায় টোল আদায় চালু করা হয়েছে। বাকি ৭টি সেতুতে এখনো টোল আদায় বন্ধ আছে।

মন্তব্য করুন