সংসদ লাইব্রেরির জন্য গুম-সংক্রান্ত বই কেনার সুপারিশ
অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনা করে ক্রয়যোগ্য খসড়া বইয়ের তালিকায় গুম-সংক্রান্ত বইসমূহ সংযোজনসহ পূর্ণাঙ্গ তালিকাটি চূড়ান্ত করার সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে মূল কমিটিতে তালিকাটি উপস্থাপনের এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম।
বৈঠকে সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং সংরক্ষিত পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্য অনুসন্ধান সহজলভ্য করার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া, বৈঠকে ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একই সাথে সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত একশতটি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আধুনিক ও ব্যবহারবান্ধব করার সুপারিশও করে সাব-কমিটি।