এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ডা. জুবাইদা রহমান

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ণ
এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ডা. জুবাইদা রহমান

বিশেষ সংবাদদাতা: দেশের স্বাস্থ্যসেবাকে কেবল উন্নত হাসপাতাল কিংবা উচ্চ প্রযুক্তিনির্ভর চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং এই খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কথা জানিয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে আয়োজিত ‘সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “স্বাস্থ্যসেবা কেবল চিকিৎসাকেন্দ্রিক না হয়ে রোগ প্রতিরোধমুখী হওয়া জরুরি, যাতে জটিল আকার ধারণ করার আগেই রোগ শনাক্ত করা সম্ভব হয়। পরিকল্পিত ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়ায় নারীদের অগ্রাধিকার দেওয়া হবে, যা প্রান্তিক পর্যায় পর্যন্ত দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা ও প্রসূতি সেবায় বড় পরিবর্তন আনবে।”

তিনি দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামে মৌলিক চিকিৎসা সুবিধা সহজলভ্য করা, ডেঙ্গু সচেতনতা ও শিশুদের টিকাদান কর্মসূচি জোরদারের তাগিদ দেন। এছাড়া হৃদরোগ, ক্যানসার, ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে ব্যাপক সামাজিক স্ক্রিনিং এবং ডিমেনশিয়া ও পারকিনসন্সের মতো বার্ধক্যজনিত রোগের জন্য চিকিৎসা প্রস্তুতি রাখার দিকেও জোর দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন