বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
বাংলাদেশে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেশে পৌঁছেছেন। শুক্রবার সকালে ভারতের পেট্রাপোল সীমান্ত হয়ে বেনাপোল দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে সম্প্রতি বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী।

ভারতের কূটনৈতিক প্রথায় সাধারণত ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিদেশে হাইকমিশনার বা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এবার সেই প্রচলিত ধারা থেকে বেরিয়ে একজন অভিজ্ঞ রাজনীতিককে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

গুজরাটি ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও বাংলা ভাষায় সাবলীল দীনেশ ত্রিবেদী দীর্ঘদিন ভারতের জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সুসম্পর্ক, রাজনৈতিক অভিজ্ঞতা এবং বাংলা ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণাকে এই নিয়োগের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।

আশির দশকে কংগ্রেসের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। পরে জনতা দলে যোগ দিয়ে ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং দলটির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিতি পান।

২০০৯ সালে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশ নেন দীনেশ ত্রিবেদী। দ্বিতীয় মেয়াদে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় তিনি ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলান।

তবে ২০১৬ সালের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি।

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সময়ে কূটনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।