অপকর্মকারীদের ছাড় নয়: এমপি ফখরুল

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ
অপকর্মকারীদের ছাড় নয়: এমপি ফখরুল

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একই সাথে কোনো অপকর্মকারী বা দুর্নীতিবাজকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

গতকাল মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় কবিরহাট উপজেলার শিরিন গার্ডেনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এমপি ফখরুল ইসলাম বলেন, “জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করছি। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি বদ্ধপরিকর। কেউ আমার নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম বা অনিয়ম করার চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, সরাসরি আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও নানা সমস্যার চিত্র সরকারের সামনে তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সব সময় গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকি।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা কবিরহাট ও সুবর্ণচর এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন। এ সময় এমপি ফখরুল ইসলাম তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা-উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা