দেশকে অস্থিতিশীল করছে একটা মহল : মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক: একটা মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা যেন কোনোভাবেই দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সেজন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
আজ বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা যখন নতুন করে দেশ গঠন করার চেষ্টা করছি, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হই।”
তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে সাইপ্রাসকে পরাজিত করে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটিকে একটি বিরল সম্মান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ আগামী এক বছর জাতিসংঘের নেতৃত্ব দেবে। সরকার সব সমস্যার সমাধানের জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, রাতারাতি সবকিছুর সমাধান হবে না।
যুবসমাজের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমবায়মন্ত্রী বলেন, “আজ অনেক দুঃখ হয়, যখন দেখি যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এজন্য মাদক থেকে আমাদের মুক্ত হতে হবে।”
রুহিয়া উপজেলার এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং রুহিয়া বিএনপির সভাপতি আব্দুল জব্বার।