ধর্ষণ-হত্যা নৈতিক অবক্ষয়ের প্রতিফলন: মির্জা ফখরুল

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৫৫ অপরাহ্ণ
ধর্ষণ-হত্যা নৈতিক অবক্ষয়ের প্রতিফলন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ধর্ষণ, শিশু নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি বহু বছর ধরে আমাদের সমাজে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের দ্রুত পতনের এক ভয়াবহ প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন ও সতর্কবার্তামূলক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাজে নারীর মর্যাদা ও শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘আমরা দেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। এই অমানবিক ও জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা ভবিষ্যতেও অব্যাহতভাবে চালিয়ে যাব। আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দিনরাত কাজ করছি, যেখানে আমাদের প্রতিটি সন্তান কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাভাবিক ও সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে।’

তবে এই ধরনের জঘন্য অপরাধ সমাজ থেকে পুরোপুরি নির্মূল করতে শুধু কঠোর আইন প্রয়োগ বা সরকারের একক উদ্যোগই যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব আরও লেখেন, ‘এই অবক্ষয় থেকে বাঁচতে হলে এখন আমাদের একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন গড়ে তোলা ভীষণ প্রয়োজন। এই আন্দোলনে দেশের প্রতিটি পরিবার, বিদ্যালয়, মাদ্রাসা, শিক্ষক শিক্ষিকা, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক মানসিকতায় গড়ে তুলতে এবং অপরাধ প্রবণতা থেকে দূরে রাখতে নৈতিক শিক্ষার ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই অপরের প্রতি পারস্পরিক সম্মান, মানবিকতা, সামাজিক দায়িত্ববোধ এবং বিশেষ করে নারীর সঠিক মর্যাদা ও অধিকার সম্পর্কে সুশিক্ষা দেওয়া।’

পোস্টের শেষাংশে দেশবাসীকে পরিবর্তনের এই সামাজিক লড়াইয়ে এক হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল যোগ করেন, ‘আমাদের শিশুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করা মানেই হলো আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎকে নিরাপদ করা। আসুন, আমরা এই সামাজিক পরিবর্তনের সংগ্রামে দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে শামিল হই।’

জান্নাত সকালাবেলা