ঢাকার পানির সংকট কমাতে শেষ পথে মেঘনা প্রকল্প
অনলাইন ডেস্ক: মেঘনা নদীর পানি পরিশোধন করে রাজধানীর দুই সিটি করপোরেশন এলাকায় সরবরাহের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার পানির চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে নেওয়া হয়েছে এ উদ্যোগ।
সোমবার (৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গন্ধর্বপুরে নির্মাণাধীন দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (পানি শোধনাগার) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট’-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
মন্ত্রী বলেন, এতদিন ঢাকার পানির বড় অংশই ভূগর্ভ থেকে উত্তোলন করা হয়েছে। অতিরিক্ত উত্তোলনের কারণে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় মেঘনা নদীর পানি পরিশোধন করে ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহ করা হবে।
তিনি জানান, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ এখন শেষ পর্যায়ে। আগামী এক বছরের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করছে সরকার। প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে।
মির্জা ফখরুল আরও বলেন, একই ধরনের আরও একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়িত হলে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। ফলে দুটি প্রকল্প থেকে প্রতিদিন ১০০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকার দুই সিটি করপোরেশনে সরবরাহের সুযোগ তৈরি হবে।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রকল্প-সংক্রান্ত এক সভায় অংশ নেন মন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন।