মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে: পানিসম্পদমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলের মেঘনা নদীর তীব্র ভাঙনরোধে স্থায়ী ও টেকসই ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আগামী অর্থবছর থেকেই এই ভাঙন প্রতিরোধে স্থায়ী মেগা প্রকল্পের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
গতকাল রোববার (১৭ মে) নোয়াখালীর সুবর্ণচরে মেঘনা নদীর তীব্র ভাঙনকবলিত মোহাম্মদপুর ইউনিয়নের কাটাখালি বাজার ও আশপাশের এলাকা সরজমিনে পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ভাঙনের ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করে মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, মানুষের বসতভিটা, বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান চোখের সামনেই নদীতে বিলীন হয়ে যাচ্ছে। জনগণের জানমাল রক্ষা করা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব।
সামনে আসন্ন বর্ষা মৌসুম ও অতিপ্লাবনের হাত থেকে উপকূলবাসীকে রক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের কথা জানিয়ে মন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে ইতোমধ্যে ‘ইমার্জেন্সি ওয়ার্ক’ হাতে নেওয়া হয়েছে এবং আরও দুই-তিনটি পয়েন্টে দ্রুত জরুরি কাজ শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্টাডি রিপোর্ট সম্পন্ন হওয়ার পর আগামী অর্থবছরের মধ্যেই স্থায়ী বাঁধের কাজগুলো সমাপ্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। নদীর অন্য প্রান্তে উড়িরচর, স্বর্ণদ্বীপ ও ভাসানচরসহ পুরো হাতিয়া ভাঙন এলাকার দিকেও সরকারের বিশেষ নজর রয়েছে।
সুবর্ণচরের এই সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা প্রশাসক শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর চৌধুরী আলো এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।