একদিনে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৫ জন

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ
একদিনে হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৬৫ জন

অনলাইন ডেস্ক: দেশে এবার হাম রোগের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও আটজনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

আজ শনিবার (২৪ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট হামরোগীর (উপসর্গসহ) সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ল্যাব নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫১ জন। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩২৪ জনে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট এক লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী। এর মধ্যে চিকিৎসকদের নিবিড় সেবায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও হামের উপসর্গে আটজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মোট ১,১১৮ জনের মৃত্যু হলো। আর একই সময়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামের কারণে মৃত্যু রেকর্ড করা হয়েছে ১০৪ জনের। হামের টিকা না নেওয়া শিশু ও টিকাহীন প্রাপ্তবয়স্কদের দ্রুত টিকা দেওয়ার তাগিদ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সকালবেলা / নুসরাত