জুলাই বিপ্লবের সময় ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
জুলাই বিপ্লবের সময় ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে: আইনমন্ত্রী

সকালবেলা অনলাইন: জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত নির্মম হত্যাকাণ্ড চোখের সামনে ঘটার পরও তা দেখেও অনেকে চোখ বন্ধ করে রাখছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)’ আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, "জুলাই বিপ্লবের সময় ২০ দিনে পাখির মতো গুলি চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। পঙ্গু হয়েছেন হাজারো মানুষ, অথচ সমাজে চোখের আলো থাকা কিছু মানুষ এখনো দাবি করছেন কিছুই হয়নি।"

ফ্যাসিবাদী শক্তির পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "অন্যায় ও অপরাধের বিরুদ্ধে নাগরিকদের সোচ্চার থাকা সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে অন্তর্দৃষ্টি দিয়ে বাস্তব সত্যকে অনুধাবন করতে হবে।" বাংলাদেশ যেন ভবিষ্যতে আর কখনোই ফ্যাসিবাদের দিকে ধাবিত না হয়, সে লক্ষ্যে একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরির ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীর দক্ষতা ও প্রতিভা বিকাশে আয়োজকদের ভূমিকা প্রশংসিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদ এবং সংস্থার সভাপতি লে. জেনারেল (অব.) এম নুরউদ্দিন খানসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন