অষ্টগ্রামে নদীভাঙন রোধে এমপির উদ্যোগে ড্রেজিং শুরু
মো. আলী রহমান: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের বাঙালপাড়া ইউনিয়নে ভয়াবহ নদীভাঙন থেকে নোয়াগাঁও গ্রাম ও বাঙালপাড়া-নোয়াগাঁও সড়ক রক্ষায় মেঘনা নদীতে বিশেষ ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জোরালো উদ্যোগে এই কার্যক্রমটি বাস্তবায়ন হওয়ায় চরম আতঙ্কে থাকা স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে বাঙালপাড়া-নোয়াগাঁও সড়কটি ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি সড়কটির পুনঃসংস্কারের জন্য আরও ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে সংস্কারকাজ চলাকালেই মেঘনা নদীর তীব্র ভাঙনে লাওড়া ও নোয়াগাঁও গ্রামের মধ্যবর্তী সড়কের একটি বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে এই অঞ্চলের একমাত্র যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং পুরো নোয়াগাঁও গ্রামটিই নদীভাঙনের মারাত্মক হুমকির মুখে পড়ে।
চলতি মে মাসের শুরুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ভাঙনকবলিত দুর্গত এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিস্থিতি মোকাবিলায় তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে জরুরি যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে ভাঙনপ্রবণ এলাকায় জরুরি ভিত্তিতে ৮ হাজার জিও ব্যাগ ফেলার কাজ বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি সড়ক ও গ্রাম রক্ষায় নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে গতকাল শনিবার (২৩ মে) দুপুর থেকে নদীতে ড্রেজিং কার্যক্রম শুরু করা হয়।
বাঙালপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ-ই কামাল বলেন, বাঙালপাড়া-নোয়াগাঁও সড়কের পাশ দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে নতুন চর জেগে ওঠায় নদীর পানির গতিপথ পরিবর্তিত হয়ে এই তীব্র সড়কভাঙন শুরু হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন করেই কেবল এই চিরস্থায়ী ভাঙন রোধ করা সম্ভব। অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ আশা প্রকাশ করে বলেন, এই ড্রেজিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে নোয়াগাঁও গ্রাম, বাঙালপাড়া-নোয়াগাঁও সড়ক এবং আশপাশের শত শত একর কৃষিজমি নদীভাঙনের কবল থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।
সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এই ড্রেজিং কার্যক্রমের বিষয়ে বলেন, “নদীভাঙন সমস্যার টেকসই সমাধানের জন্য সরকার অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। হাওরবাসীর যেকোনো দুর্যোগ ও জনদুর্ভোগ মোকাবিলায় এবং তাঁদের সব সমস্যা সমাধানে আমি সবসময় অতন্দ্র প্রহরীর মতো পাশে থাকব, ইনশাআল্লাহ।”
এআইএল/সকালবেলা