শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যের তীব্র নিন্দা

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ
শাপলা গণহত্যা নিয়ে খালেদ সাইফুল্লাহর বক্তব্যের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার: সম্প্রতি একটি ভিডিও পডকাস্টে মাওলানা খালেদ সাইফুল্লাহ কর্তৃক ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা নিয়ে ‘অস্বীকারমূলক’ বক্তব্য প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘শাপলা স্মৃতি সংসদ’।

আজ সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন বলেন, ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বেদনাবিধুর ও রক্তাক্ত অধ্যায়। সেদিন গভীর রাতে নিরস্ত্র আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সাধারণ মানুষের ওপর পরিচালিত অভিযানে বহু মানুষের হতাহত হওয়ার ঘটনা ঘটেছিল, যা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন এবং দেশি-বিদেশি প্রথম সারির গণমাধ্যমের অনুসন্ধানী তথ্যে স্পষ্টভাবে উঠে এসেছে। বহু পরিবার আজও সেই স্বজন হারানোর ক্ষত ও বেদনা বহন করছে এবং ন্যায়বিচারের আশায় প্রহর গুনছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আরও বলেন, এমন একটি নির্মম ও রক্তাক্ত ঐতিহাসিক সত্যকে সরাসরি অস্বীকার করা কিংবা এর গুরুত্বকে খাটো করে দেখানো শুধু নিহতদের স্মৃতির প্রতি অবমাননা নয়; বরং আহত ও স্বজনহারা পরিবারগুলোর দীর্ঘদিনের পুঞ্জীভূত বেদনাকেও উপহাস করার শামিল। যে ঐতিহাসিক ট্র্যাজেডির সুষ্ঠু বিচার ও সত্য উদ্ঘাটনের দাবি আজও রাজপথে অব্যাহত রয়েছে, তাকে ধামাচাপা দেওয়ার যেকোনো প্রচেষ্টা ইতিহাস বিকৃতির একটি নিকৃষ্ট অপচেষ্টা হিসেবেই বিবেচিত হবে।

বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, একজন বয়োজ্যেষ্ঠ ও শ্রদ্ধেয় আলেমের মুখ থেকে এমন স্পর্শকাতর বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য জাতিকে চরমভাবে বিস্মিত ও মর্মাহত করেছে। ব্যক্তি হিসেবে তাঁর প্রতি সামাজিক সম্মান অটুট থাকলেও ইতিহাস, নিহতদের রক্ত এবং সুপ্রমাণের প্রশ্নে কোনো ব্যক্তিই সমালোচনার ঊর্ধ্বে নন। শাপলা চত্বরের সেই নিষ্ঠুর সত্যকে আড়াল, অস্বীকার কিংবা বিকৃত করার যেকোনো চেষ্টা ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য।

শাপলা স্মৃতি সংসদ তাদের বিবৃতিতে আরও স্পষ্ট করে জানায়, শাপলা চত্বরের সেই ঘটনার স্মৃতি সংরক্ষণ, আহতদের পাশে থাকা এবং এর প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লড়াই তারা অব্যাহত রাখবে। একই সাথে এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে দেশের সকল বিবেকবান নাগরিক, গবেষক, আলেম-উলামা, মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীদের সত্যের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এআইএল/সকালবেলা