ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধিতে নবনির্মিত প্রবেশ তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মে) বিকাল ৩টায় শোলাকিয়া ঈদগাহ মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ও বাস্তবায়নে এই নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এসময় তিনি তোরণটির নকশা ও নির্মাণশৈলী নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: মাজহারুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শোলাকিয়া ঈদগাহ মাঠ কিশোরগঞ্জ তথা সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি ঐতিহ্যের প্রতীক। এই মাঠের প্রবেশ তোরণ নির্মাণ সম্পন্ন হলে মাঠের গাম্ভীর্য আরও বৃদ্ধি পাবে এবং মুসুল্লিদের জন্য যাতায়াত সহজ হবে।

জেলা পরিষদ সূত্র জানায়, শোলাকিয়া ঈদগাহ মাঠকে আরও আধুনিক ও দৃষ্টিনন্দন করার অংশ হিসেবে এই তোরণ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শোলাকিয়া মাঠের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ, জামায়াতে ইসলামীর আমির রমজান আলী, মাসুদুল হাসান, ভিপি সুমন, মুহাম্মাদুল্লাহ জামী, স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা