‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়, এটি সমগ্র জাতির’: সেতুমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ণ
‘জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়, এটি সমগ্র জাতির’: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। (ছবি: ফাইল ছবি)

জাতীয় ডেস্ক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা বিশেষ গোষ্ঠীর অর্জিত সাফল্য নয়, বরং এটি সমগ্র জাগ্রত জাতির এক ঐতিহাসিক যৌথ অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং এ নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা অপরাজনীতির স্থান নেই।

আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জুলাই সনদের আইনি ও নৈতিক ভিত্তি তুলে ধরে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, "আমরা অত্যন্ত গুরুত্বের সাথে জুলাই সনদ বাস্তবায়নের আইনি ও নৈতিক অঙ্গীকার করেছি এবং সেই ঐতিহাসিক সনদে সই করেছি। যে সনদ ছিল জাতীয়তাবাদী শক্তির মূল প্রতিশ্রুতি, তা বাস্তবায়নের প্রকৃত দায়িত্ব দেশের জনগণ তাঁদের মহামূল্যবান ভোটের মাধ্যমে আমাদের ওপর অর্পণ করেছেন। আমরা জাতীয় সংসদে জনগণের সেই ঐতিহাসিক অঙ্গীকার ও আকাঙ্ক্ষাকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করব।"

তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থান আমাদের নতুনভাবে শানিত হওয়ার এবং নিজের ভুলত্রুটি শুধরে আত্মসংশোধনের বড় শিক্ষা দিয়েছে। একই সাথে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিবাদী সরকারের পতন কীভাবে রাজপথে নিশ্চিত করতে হয়, জুলাই সে পথও দেখিয়েছে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোই যে আগামী দিনের যোগ্য নেতৃত্ব তৈরির আসল সূতিকাগার, জুলাই আন্দোলন সে বার্তাই নতুন করে পৌঁছে দিয়েছে।"

দেশের গণতান্ত্রিক ইতিহাসে বিএনপির দীর্ঘ ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, "বাংলাদেশে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করে প্রকৃত জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছে বিএনপি। এই মহান অর্জনের জন্য দলটিকে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও জুলুম-নির্যাতন সহ্য করতে হয়েছে। বিএনপির বলিষ্ঠ নেতৃত্বেই সব শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ে ফ্যাসিবাদের চূড়ান্ত পতন সুনিশ্চিত করেছিল।"

তিনি যোগ করেন, "ইতিহাস সাক্ষী, বাংলাদেশ যখনই কোনো তীব্র রাজনৈতিক বা জাতীয় সংকটে পড়েছে, তখনই বিএনপি সাহসের সাথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং আপসহীনভাবে জনগণের পক্ষে দাঁড়িয়েছে। এটাই বিএনপির রাজনীতি। তাই এ দেশের মানুষ যখনই নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তারা বিএনপিকেই প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে।"

ঢাকা কলেজের ঐতিহ্য ও অবদানের প্রশংসা করে শেখ রবিউল আলম বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহাসিক ও গৌরবময় বিদ্যাপীঠ। আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বে ঢাকা কলেজের প্রক্তন শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছেন। এই প্রতিষ্ঠানকে নিয়ে পুরো জাতি গর্ব বোধ করে এবং এখানকার সাধারণ শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনার নতুন নেতৃত্ব দেবেন।

উক্ত স্মরণ ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্যসচিব মিল্লাদ হোসেনসহ ছাত্রদলের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা।