জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ কেবল ২০২৪ সালের রক্তঝরা গণঅভ্যুত্থানকেই ধারণ করে না; বরং এটি সার্বভৌম বাংলাদেশের স্বাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রাস-আন্দোলনের অবিনাশী প্রতিচ্ছবি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জাদুঘর অনাগত ভবিষ্যতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগামী প্রজন্মকে আজীবন অনুপ্রাণিত ও দিকনির্দেশনা প্রদান করবে।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বুক বুক চিরে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এর সুবিন্যস্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব তাৎপর্যপূর্ণ মন্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সব অমর শহীদের স্মৃতির প্রতি বিনম্র ও গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটির ঐতিহাসিক গুরুত্ত্ব বর্ণনা করে বলেন, “আজকের এই বিশেষ মুহূর্তটি সমগ্র স্বাধীনতাকামী দেশের জন্য এক যুগান্তকারী ও স্মরণীয় মাইলফলক। গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে স্মৃতির ফ্রেমে অক্ষয় করে রাখতে এই জুলাই স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা আমাদের এক অন্যতম গৌরবময় পদক্ষেপ। স্বৈরাচারী ও বিতাড়িত ফ্যাসিস্টদের অমানবিক নির্যাতন, অগণিত গুম ও নির্মম হত্যাকাণ্ডের প্রকৃত মুখোশ দেশবাসী তথা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করবে এই প্রতিষ্ঠান।”
স্বৈরাচারী শাসনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ইতিহাস স্পষ্ট সাক্ষ্য দেয়, ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিতাড়িত অশুভ ফ্যাসিবাদ চক্র কখনোই এই দেশে কোনো প্রকার গণতান্ত্রিক মূল্যবোধ বা জনগণের সুশাসন মেনে নিতে পারেনি। দীর্ঘ শাসনকালে তারা অকাতরে মানুষ খুন ও গোপন বন্দিশালায় গুম করার চরম অন্যায়কে একটি অতি স্বাভাবিক ও নিয়মিত ঘটনায় পরিণত করে ফেলেছিল। ছাত্র-জনতা নিজের জীবন ও রক্ত দিয়ে সেই কালিমাময় অধ্যায়ের অবসান ঘটিয়েছে।”
প্রধানমন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন যে, সংগ্রাম, সীমাহীন আত্মত্যাগ এবং আপসহীন সাহসের এ স্মারক জাদুঘর জাতীয় চেতনা ও মুক্তির প্রতীক হিসেবে প্রজন্মের পর প্রজন্ম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।