জুলাই আন্দোলনে জীবনদানকারীরা জাতির শ্রেষ্ঠ সন্তান: সেতুমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ণ
জুলাই আন্দোলনে জীবনদানকারীরা জাতির শ্রেষ্ঠ সন্তান: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান।

আজ বুধবার (২৯ জুলাই ২০২৬) রাজধানীর ঢাকা কলেজ শাখা ছাত্রদল আয়োজিত ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সম্মানে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তব্যে সেতুমন্ত্রী বলেন, "আন্দোলনের সংকটময় মুহূর্তে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কের দায়িত্ব অর্পণ করেছিলেন। সেই দায়িত্ব শতভাগ নিষ্ঠার সঙ্গে পালন করে আন্দোলনকে গতিশীল ও বেগবান করতে ভূমিকা রেখেছি।"

রাজনীতিবিদদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনীতিবিদদের আত্মত্যাগ ও সমন্বয়ের কারণেই ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত সাফল্যের মুখ দেখেছে। রাজপথে দেশের রাজনৈতিক দলগুলো জীবন বাজি রেখে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিল বলেই ঐতিহাসিক এ বিজয় সম্ভব হয়েছে।

আন্দোলনের একক কৃতিত্ব দাবিদারদের সমালোচনা করে মন্ত্রী বলেন, "যাঁদের আন্দোলনের দিনগুলোতে রাজপথে একদিনের জন্যও দেখা যায়নি, তাঁরাও আজ নিজেদের প্রধান চালিকাশক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তবে সচেতন জনগণ ব্যালটের মাধ্যমে তাঁদের সমুচিত জবাব দিয়েছে। সাধারণ মানুষ ভালো করেই বোঝে কার হাতে দেশ ও রাষ্ট্র নিরাপদ। জনগণকে কোনো বিভ্রান্তিকর তথ্যে ভুল বোঝানো সম্ভব নয়।"

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী, সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন