জুলাই সনদ বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে টাঙ্গাইল জেলা মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে। এই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে।"

তিনি আরও বলেন, “বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করব। গণতন্ত্রের জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শহীদ ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের যোগ্য সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কার্যকরভাবে দাঁড়ানোর জোর দাবি জানান।

প্রতিমন্ত্রী শহীদ ও আহতদের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে বলেন, "জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার সর্বদা তাঁদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করছে।"

সভায় জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মহসিন কবিরসহ সকল শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এছাড়া অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টাঙ্গাইলকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণের কঠোর নির্দেশনা দেন।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন