প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জাতীয় ঈদগাহের মুসল্লিরা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জাতীয় ঈদগাহের মুসল্লিরা

জাতীয় ডেস্ক: দীর্ঘদিনের রাজনৈতিক রেওয়াজ ভেঙে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাধারণ মানুষের সাথে এক কাতারে শামিল হলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত শেষে তিনি সাধারণ মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রী ভিআইপি নিরাপত্তা বেষ্টনীর তোয়াক্কা না করে সাধারণ মুসল্লিদের মাঝে এগিয়ে যান। তিনি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে হাত মেলান, বুকে বুক মিলিয়ে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

দেশের সরকারপ্রধানকে এত কাছ থেকে পেয়ে এবং কোলাকুলি করতে পেরে এ সময় অনেক সাধারণ মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। প্রধানমন্ত্রীর সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদগাহ মাঠে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় জমে।

আজ সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে এই ঐতিহাসিক জামাতে একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং সরকারের পদস্থ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এই জামাতে অংশ নেন। নামাজ শেষে রাষ্ট্র ও সরকারপ্রধান দেশের বিশিষ্ট নাগরিক এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন