তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্টনিও আলেসান্দ্রো আজ মঙ্গলবার (১৯ মে) সকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে তাঁর সচিবালয়স্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে নবনিযুক্ত তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যৌথ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইতালির রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ইতালিতে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন, যা দুই দেশের অর্থনীতিতেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এ সময় তিনি সমুদ্রপথে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ইতালিতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে মানবপাচার ও অননুমোদিত অভিবাসনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এর জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দিয়ে বলেন, ইতালি বাংলাদেশি কর্মীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। সমুদ্রপথের ঝুঁকি এড়াতে তিনি বৈধ উপায়ে আরও বেশি বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য ইতালি সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানান।

পাশাপাশি তথ্যমন্ত্রী গণযোগাযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সম্প্রচার খাতে ইতালির কারিগরি অভিজ্ঞতা ও প্রযুক্তিগত উন্নয়নকে কাজে লাগাতে দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথভাবে ‘নলেজ শেয়ারিং’ বা জ্ঞান বিনিময়ের প্রস্তাব দেন। বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে বৈধ পথে অভিবাসন প্রক্রিয়া চলমান রয়েছে এবং গত এক বছরেই প্রায় ২০ হাজার বাংলাদেশি ইতালিতে বৈধ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।