আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা রক্ষা পান না: তথ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ণ
আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা রক্ষা পান না: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, ভোলা: মিডিয়ার ওপর নগ্ন হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা শেষ রক্ষা পায়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোলা প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আল্লাহ যাদের পছন্দ করেন না, তারা মিডিয়া নিয়ন্ত্রণ করেও রক্ষা পান না। অনেক সংবাদকর্মীর ওপর নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বহু মিডিয়া কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু শেষরক্ষা হয়নি। তিনি বলেন, সংবাদপত্রের স্বাধীনতা উন্মুক্ত। জোর করে কাউকে ভালো বানানো যায় না। উন্নয়নকাজ তদারকির পাশাপাশি ভিত্তিহীন সংবাদের মাধ্যমে যেন কারও সম্মানহানি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকমুক্ত সমাজ গঠনের ওপর জোর দিয়ে পার্থ বলেন, কমিউনিটি পুলিশিং ও স্থানীয়দের সম্পৃক্ত করে মাদক নির্মূল করতে হবে। ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ স্থাপনসহ এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ভোলা প্রেস ক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির লিটনের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার এবং স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন