ফারাক্কার সমাধান ধানের শীষই জানে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদক: ফারাক্কা বাঁধ সমস্যার স্থায়ী ও ন্যায্য সমাধান কেমন করে করতে হবে, তা একমাত্র ‘ধানের শীষই’ জানে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি উল্লেখ করেন, এই ধানের শীষ প্রতীকটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশনেত্রী খালেদা জিয়ার কাছে এবং বর্তমানে তা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এসে পৌঁছেছে।
শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের মানুষের পানির অধিকার ও নদী রক্ষার লড়াইয়ে ধানের শীষ সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ জিয়ার প্রবর্তিত জাতীয়তাবাদী আদর্শই দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের সুরক্ষার মূল শক্তি।
তিনি আরও বলেন, সময়ের পরিক্রমায় ধানের শীষের যে নেতৃত্ব আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে এসেছে, তা দেশের মানুষের অধিকার আদায়ে আরও সুদৃঢ় ও আপসহীন থাকবে। ফারাক্কাসহ সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং কীভাবে আন্তর্জাতিক নিয়ম মেনে এর সমাধান করতে হয়, তা এই দলের জানা আছে।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।