গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন
অনলাইন ডেস্ক: ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’-এর খসড়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে সংশোধিত আকারে বিলে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে।
সংশোধিত প্রতিবেদন অনুযায়ী, মানবাধিকার কমিশনকে সরাসরি গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। তদন্তকালে কোনো আমলযোগ্য অপরাধের সত্যতা পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট থানায় মামলা থাকলে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করতে পারবে কমিশন। পাশাপাশি কমিশনের তদন্ত প্রতিবেদন আদালতে সরাসরি সাক্ষ্য হিসেবে গণ্য হবে।
নতুন খসড়ায় জাতিসংঘের নির্যাতনবিরোধী প্রটোকলের আলোকে 'জাতীয় প্রতিরোধমূলক ব্যবস্থাপনা ইউনিট' (এনপিএম) গঠনের বিধান রাখা হয়েছে। এই ইউনিট পূর্বানুমতি ছাড়াই যেকোনো আটককেন্দ্র, থানা বা সেফ হোম পরিদর্শন করতে পারবে। এ ছাড়া কমিশন গঠনে একজন নারী ও একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে।
এর আগে ২৭ আগস্ট আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিত করে কমিশনকে আরও স্বাধীন ও কার্যকর করতেই নতুন এই আইনি কাঠামো আনা হয়েছে।
এআইএল/সকালবেলা