বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যাকবলিত ফাসিয়াখালী ইউনিয়নে বন্যাকর্তৃক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি মাতামুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত কুমারীছড়া ও ছড়াকুল এলাকার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে দুর্গতদের পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে কক্সবাজার থেকে চকরিয়ায় পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে ফাসিয়াখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের খাদ্য, আশ্রয় ও সামগ্রিক অবস্থার খোঁজখবর নেন।
ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী কুমারীছড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন। নদীভাঙনে বসতভিটা ও কৃষিজমি বিলীন হওয়ার চিত্র তুলে ধরে স্থানীয়রা সেখানে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা বাঁধের কাজ শুরু করার নির্দেশনা দেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন:
“বিএনপি জনগণের সরকার। আমরা সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সম্মিলিত ত্রাণ কার্যক্রম চলমান আছে।”
মন্ত্রী আরও জানান, দেশের বন্যাদুর্গত এলাকায় সরকারি উদ্যোগে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়নে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। জরিপ শেষ হওয়া মাত্রই ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করা হবে। একই সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া হবে যেন তাঁরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী ছড়াকুল এলাকার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও প্লাবিত বাড়িঘর পরিদর্শন করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা