ঈদুল আজহায় দেশবাসীকে হেফাজতে ইসলামের শুভেচ্ছা
অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আত্মত্যাগ, তাকওয়া এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের এক অনন্য শিক্ষা বহন করে। বাহ্যিক কুরবানির পাশাপাশি মানুষের অন্তরের পশুত্ব, হিংসা-বিদ্বেষ ও অহংকারকেও কুরবানি দিয়ে নিজেদের আলোকিত করতে হবে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের নিপীড়ন-নির্যাতনের পর দেশের মানুষ এবার মুক্ত পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ পাচ্ছে, যা জাতির জন্য অত্যন্ত স্বস্তির বিষয়।
শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় শাপলা চত্বরের আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়ে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। শহীদ পরিবারগুলোর ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
হেফাজত নেতৃদ্বয় আরও বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য সামর্থ্যবানদের এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা। এ ছাড়া ঈদযাত্রায় সড়ক, ঘরবাড়ির নিরাপত্তা এবং নারী ও শিশুদের সুরক্ষায় প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা কামনা করেন তারা।