নিজস্ব প্রতিবেদক: হাসপাতালগুলোতে দালালের দৌরাত্ম্য ঠেকাতে এবং রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবার মান বৃদ্ধিতে তিনি প্রতি সপ্তাহে বিভিন্ন হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করছেন। বিশেষ করে দালাল চক্রের হয়রানি বন্ধে কর্তৃপক্ষ এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে এখন হামের চেয়েও নিউমোনিয়ার প্রকোপ বেশি দেখা দিচ্ছে। তবে হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরকার দ্রুততম সময়ের মধ্যে হামের টিকা দেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, টিকার সুফল পেতে কিছুটা সময় লাগলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। এছাড়া পরিস্থিতির অবনতি হলে বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ও যন্ত্রাংশ সরবরাহ নিশ্চিত করা হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট ছিল, ইতিমধ্যে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংকটাপন্ন রোগীদের সেবা নিশ্চিতে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।