আগের সরকারের ব্যর্থতার শাস্তির চেয়ে হাম প্রতিরোধই বড় লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
আগের সরকারের ব্যর্থতার শাস্তির চেয়ে হাম প্রতিরোধই বড় লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগের সরকারের সঠিক সময়ে টিকা না আনার ব্যর্থতার জন্য কাউকে শাস্তির আওতায় আনা বড় কথা নয়, মূল লক্ষ্য হলো হাম প্রতিরোধ করা।’ সোমবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগের সরকারের তৈরি করা সংকট কাটিয়ে আন্তর্জাতিক সংস্থার সহায়তায় দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১২২ শতাংশ। ফলে প্রাথমিক ধাপে চিহ্নিত হামপ্রবণ এলাকাগুলোতে এখন সংক্রমণ শূন্য। বাদ পড়া শিশুদেরও নিয়মিত ইপিআই কার্যক্রমের মাধ্যমে টিকার আওতায় আনা হচ্ছে। অতীতের গাফিলতি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, কাউকে শাস্তি দিয়েও যদি হাম রোধ বা শিশুর চিকিৎসা নিশ্চিত করা না যায়, তবে কোনো লাভ নেই। সরকারের প্রথম উদ্দেশ্য শিশুদের স্বাস্থ্য সুরক্ষা।

হাসপাতালের মান নিয়ে মন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক। রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়, তবে আমরা কাজ করছি।’ ধারণক্ষমতার দ্বিগুণ রোগী থাকায় কুমিল্লার এই হাসপাতালে পর্যায়ক্রমে শয্যাসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এর আগে সকালে মন্ত্রী কুমিল্লা জেনারেল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খোঁজ নেন এবং পরিচ্ছন্নতা ও খাবারের মান বজায় রাখার নির্দেশ দেন। এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।