রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক অবান্তর: গয়েশ্বর

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক অবান্তর: গয়েশ্বর
নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের প্রশ্ন তোলাকে সম্পূর্ণ অবান্তর ও অনাকাঙ্ক্ষিত অহেতুক বিভ্রান্তি তৈরির চেষ্টা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক বৈধ ঘোষিত হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বাধা অপসারণের দাবি তোলে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের এই দাবি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "এটি সম্পূর্ণ পরের অধ্যায়ের বিষয়। ভবিষ্যতে জাতীয় সংসদ যদি রাজনৈতিক সব পক্ষ মিলে যৌথভাবে সিদ্ধান্ত নেয়, তবে সংবিধান সংশোধন বিবেচনা করা যেতে পারে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচনের মুখে এই প্রশ্ন উত্থাপন করা অবান্তর এবং অহেতুক কনফিউশন তৈরি করার নামান্তর।"

বিদ্যমান আইনি কাঠামোর উল্লেখ করে বর্ষীয়ান এই রাজনৈতিক নেতা বলেন, "আমাদের প্রচলিত সংবিধান এবং আইনি বিধিবিধান অনুসরণ করেই পথ চলতে হবে। বর্তমান সংবিধানে যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে, সেগুলোর পরিবর্তন আনতে হলে সংসদীয় পথেই সংশোধন প্রস্তাব আনতে হবে। রাস্তাঘাটে দাবি তুলে বা মাঠের বক্তব্যে কোনো লাভ হবে না।"

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন প্রক্রিয়া তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় জানান, "বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এই মনোনয়নপত্রে প্রস্তাবক ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং সমর্থনকারী ছিলাম আমি নিজে। আগামী ২০ আগস্ট নির্ধারিত সংসদীয় ভোটাভুটির জন্য আমরা এখন অপেক্ষায় রইলাম।"

ইসি ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে বিএনপির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মন্তব্য করুন