হাজিদের ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার
ডেস্ক রিপোর্ট: সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজির উদ্বৃত্ত প্রায় ৫ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় উদ্বৃত্ত থাকা ৪ কোটি ৮৭ লাখ টাকা সরাসরি হাজিদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। তিনি জানান, প্রশাসনিক ও ব্যবস্থাপনা ব্যয় শেষে এ অর্থ উদ্বৃত্ত রয়েছে এবং সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ধর্ম মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, আবাসন ও প্যাকেজের ধরনভেদে ফেরতের টাকার পরিমাণে ভিন্নতা থাকবে। হজ প্যাকেজ-১-এর আওতায় সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ফেরত পাবেন। এছাড়া রুম আপগ্রেডেশনসহ বিভিন্ন বিশেষ ক্যাটাগরির হাজিরা সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা পর্যন্ত ফেরত পাবেন। অন্যদিকে, প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ এর আওতায় হোটেলে অবস্থান নেওয়া হাজিরা সর্বনিম্ন ২ হাজার ৫০৫ টাকা থেকে শুরু করে সুবিধা অনুযায়ী বিভিন্ন অঙ্কের টাকা ফেরত পাবেন।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও উল্লেখ করেন, বিগত ২০২৬ সালের হজে বিমানভাড়া আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছিল। এর ধারাবাহিকতায় আগামী ২০২৭ সালের হজে বিমানভাড়া আরও হ্রাস করে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
এআইএল/সকালবেলা