রাশিয়া ও কানাডা থেকে ৩৫১ কোটি টাকার এমওপি সার কিনছে সরকার

প্রকাশ: বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ণ
রাশিয়া ও কানাডা থেকে ৩৫১ কোটি টাকার এমওপি সার কিনছে সরকার
অনলাইন ডেস্ক ঃ দেশের কৃষিখাতে সারের জোগান নির্বিঘ্ন রাখতে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করতে যাচ্ছে সরকার। এই সার আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের পাঠানো প্রথম প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশন (পরডিংটর্গ)’ থেকে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই চালানে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৩ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। প্রতি টন এমওপি সারের আমদানি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮০ মার্কিন ডলার।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাশিয়া থেকে রাষ্ট্রীয় চুক্তিতে সার আমদানির এই প্রস্তাবটি আগেই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন পেয়েছিল। আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ মে রাশিয়ার সঙ্গে পুনরায় চুক্তি নবায়ন করা হয়। সেই নবায়িত চুক্তির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে এই ৩৫ হাজার মেট্রিক টন সার দেশে আসছে।

অন্যদিকে, বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয চুক্তির আওতায় কানাডা থেকে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এই লটের সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৮৭ কোটি ৩৪ লাখ টাকা। কানাডা থেকেও প্রতি টন সারের আমদানি মূল্য পড়েছে ৩৮০ মার্কিন ডলার।

জানা গেছে, বিএডিসি কর্তৃক কানাডা থেকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সার আমদানির বিষয়টিও আগেই নীতিগতভাবে অনুমোদিত ছিল এবং গত বছরের ২৯ এপ্রিল এই চুক্তিটি নবায়ন করা হয়। এই চুক্তির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত ৪ লাখ টন এমওপি সার ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। তবে বিদ্যমান চুক্তিতে আরও ৩টি ঐচ্ছিক লটের সার আমদানির সুযোগ অবশিষ্ট থাকায়, সেখান থেকে প্রথম ঐচ্ছিক লটের ৪০ হাজার টন সার আমদানির এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলো।