পাট বীজ আমদানি বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার: পাট প্রতিমন্ত্রী
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি সম্পূর্ণ বন্ধ করতে নতুন জাত উৎপাদনে উন্নত গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। পরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “ভারত থেকে যে পাটের বীজ আসে, তার সমকক্ষ করতে আমাদের দেশীয় ‘তোষা-৯’ বীজ নিয়ে গবেষণা চলছে। ভারতীয় বীজ থেকে পাট পরিপক্ব হতে যেখানে ১০০ দিন লাগে, আমাদের বীজে লাগে ১২০ দিন। দেশি বীজের এই সময়সীমা কীভাবে ১০০ দিনে নামিয়ে আনা যায়, তা নিয়েই মূলত বিজ্ঞানীরা কাজ করছেন। এতে আমাদের আর বিদেশি বীজের ওপর নির্ভর করতে হবে না।”
তিনি আরও জানান, দেশের পাটভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের জোগান নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে প্রাতিষ্ঠানিকভাবে নিরুৎসাহিত করছে সরকার। একই সঙ্গে গত বছরের মতো এবারও কৃষকরা যাতে পাটের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া স্বাবলম্বী হওয়ার জন্য আরও ৫ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রতিমন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন এবং পুলিশ... সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এআইএল/সকালবেলা
|