সরকারি চাকরিজীবীদের আয় ও জীবনযাত্রা উন্নত হলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ণ
সরকারি চাকরিজীবীদের আয় ও জীবনযাত্রা উন্নত হলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয় করা সময়ের দাবি। আর্থিক সংকট ও অভাব অনেক সময় মানুষকে অনৈতিক পথে পরিচালিত করতে পারে। তাই কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা গেলে দুর্নীতির প্রবণতা কমবে। এটা তো অস্বীকার করে লাভ নেই।’

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘গত ১১ বছর ধরে পে-স্কেল নেই। ফলে সরকারি কর্মচারীদের ব্যয় মেটাতে সমস্যা হচ্ছে। বেসরকারি খাতে মূল্যস্ফীতির সঙ্গে বেতন বাড়লেও সরকারি খাতে সেই সমন্বয় হয়নি। আমরা আশা করছি বেতন বাড়ার সাথে সাথে দুর্নীতি স্বাভাবিকভাবে কমবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রা একটু উন্নত হবে, তখন নিশ্চয়ই দুর্নীতি কমবে।