সৌদি পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী, মৃত বেড়ে ১৭
জাতীয় ডেস্ক: পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে, হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সর্বমোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গতকাল রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।
বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮২টি ফ্লাইটের মাধ্যমে ৩২ হাজার ৫০৮ জন, সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।
হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত যে ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জন মারা গেছেন। তবে এখন পর্যন্ত জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবার ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়, যা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে ৩০ জুন।