সন্দেহজনক হামে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।
একই সময়ে সারা দেশে ১১১ জনের হাম রোগ নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
মৃত্যুর পরিসংখ্যান নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৬৮ জন শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের উদ্দেশ্যে বলছেন, শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শিশুদের হামের টিকা নিশ্চিত করতে হবে। হামের প্রকোপ কমাতে ব্যক্তিগত সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
জান্নাত সকালবেলা
|