বন্যা শেষ না হওয়া পর্যন্ত পুনর্বাসন সহায়তা চলবে: অর্থমন্ত্রী
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারের পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ শুক্রবার (১৭ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের সরল ও ভাদালীয়া এলাকায় বন্যাকবলিত দুর্গত মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ের আকস্মিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারি ও বেসরকারি উদ্যোগে ইতিমধ্যে প্রায় এক লাখ মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, শুধু জরুরি খাদ্য সহায়তাই নয়, এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় স্বাবলম্বী করতে পুনর্বাসনের কাজও সমান্তরালভাবে শুরু করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, বন্যার্তদের মাঝে নিয়মিত চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ঘরবাড়ি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে পুনর্বাসন প্রক্রিয়া দ্রুততর করা হচ্ছে। এছাড়া বন্যায় বিভিন্ন এলাকায় সড়ক ও জনপথের ব্যাপক ক্ষতি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব ক্ষতিগ্রস্ত গ্রামীণ ও প্রধান সড়কগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে অনেক জায়গায় সংস্কার কাজ শুরুও হয়েছে।
এআইএল/সকালবেলা
|